দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের কামড়ে জুই (১৩) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম থাকা সত্ত্বেও দায়িত্বে থাকা চিকিৎসক তা প্রয়োগ না করায় চিকিৎসায় বিলম্ব হয়েছে।
রোববার (১২ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় জুইয়ের মৃত্যু হয়। সে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের জামাল হোসেনের মেয়ে এবং স্থানীয় ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী জানান, শনিবার গভীর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জুইকে একটি সাপ হাতে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরিবারের দাবি, হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক প্রথমে ধারণা করেন জুইয়ের শরীরে বিষ প্রবেশ করেনি। এ কারণে তার হাতে বাঁধা বাঁধন খুলে দেওয়া হয় এবং অ্যান্টিভেনামও দেওয়া হয়নি। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনাম দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
জুইয়ের বাবা জামাল হোসেন বলেন, “হাসপাতালে নেওয়ার পরও চিকিৎসক বলেন শরীরে বিষের কোনো আলামত নেই। এটি চিকিৎসকের অবহেলা। উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনাম থাকা সত্ত্বেও প্রায় তিন ঘণ্টা সেখানে রাখা হয়।”
তবে এ বিষয়ে জানতে দায়িত্বে থাকা চিকিৎসকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাসুদুর রহমান বলেন, “রাতে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক কেন অ্যান্টিভেনাম দেননি, সে বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন। সকালে বিষয়টি জানার পর তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, তবে ফোন বন্ধ পাওয়া গেছে।”
চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
যে আই